
মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি: সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিভাগটির প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।





















