
আবুল হোসেন বাবলুঃ
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’’ এই প্রতিপাদ্যে রংপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভূমি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা মেলা, উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়, সেখানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সেবাখাত, যেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রধান ভূমিকা পালন করেন। এই ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে তাঁদের নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভূমি-সংক্রান্ত কাজ সম্পর্কে সচেতন হয়ে আইন অনুযায়ী তা বুঝে নিতে হবে।
কোনো অস্পষ্টতা থাকলে একজন সচেতন নাগরিক হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। ভূমিসেবা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বর: ১৬১২২।




















