
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা জেলার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে কথিত “জি বি” নামে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে সিএনজি চালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে চালকরা সড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে জোরপূর্বক ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। অথচ ১২০ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হচ্ছে মাত্র ১৫ টাকার। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও কোনো প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন বলে জানান।
একজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বছরের পর বছর ধরে এই চাঁদাবাজির শিকার হচ্ছি। একাধিকবার অভিযোগ করেও কোনো সমাধান পাইনি। তাই শেষ পর্যন্ত প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি।”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোনে বিষয়টি অবহিত করেন। মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ ঘটনায় স্থানীয় পরিবহন খাতে চরম অস্থিরতা তৈরি হয়েছে। চালক ও যাত্রীদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে।










