
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের আইনি জটিলতা। হলফনামায় তথ্য গোপন ও গুরুতর অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা হয়েছে। এই আপিলে তার মনোনয়ন গ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থিতা বাতিলের জোরালো দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনে দাখিল করা পূর্ণাঙ্গ আপিল আবেদন সূত্রে জানা গেছে, হাসনাত আবদুল্লাহর দাখিলকৃত হলফনামায় তথ্যের ব্যাপক গরমিল পাওয়া গেছে। বিশেষ করে ফৌজদারি মামলার বিবরণী এবং পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সংক্রান্ত কলামে তিনি পরস্পরবিরোধী তথ্য প্রদান করেছেন।
আপিলকারী অভিযোগ করেছেন যে, হলফনামার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহ “না” অথবা “প্রযোজ্য নয়” শব্দগুলো ব্যবহার করেছেন, যা বাস্তব তথ্যের সাথে সাংঘর্ষিক। আইনের ভাষায় এটি ‘তথ্য গোপন’ বা ‘বিভ্রান্তিকর তথ্য প্রদান’ হিসেবে গণ্য হতে পারে। নির্বাচন আইন অনুযায়ী, হলফনামায় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করা প্রার্থিতা বাতিলের জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আপিলের প্রেক্ষিতে খুব শীঘ্রই শুনানি অনুষ্ঠিত হবে। যদি শুনানিতে হলফনামার এই অসঙ্গতিগুলো প্রমাণিত হয়, তবে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
এই বিষয়ে মন্তব্য জানতে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে তার আইনজীবিরা বিষয়টি আইনিভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Reporter Name 




















