
বিশ্বজিৎ চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর বাজারে টিএনটি অফিসের সামনে অবস্থিত কয়েকটি পাটের গুদামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি শনিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদর বাজারের টিএনটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও ৩/৪টি পাটের গুদামে। এতে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। আগুনের তীব্রতা বেড়ে গেলে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেওয়া হয়। পরে দুই ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ অগ্নিকাণ্ডে সুনীল সাহার প্রায় ১ হাজার ৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে। এতে পাট ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
























