
আবুল হোসেন বাবলুঃ
আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর শাখার আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা রেফারি এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবদুল মাবুদ এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০৮ জুন ২০২৬ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এবং উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) আবদুর রহমান।
এছাড়াও বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর শাখার নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, ইমরুল ইসলাম, মোকসেদ আলী, সুজন চৌধুরী, আবু তাহের, মিল্টন হোসেন, মোহাম্মদ আতিকুর রহমান, আপেল মাহমুদ, লুৎফর রহমান, এস. এম. ওয়ারেস কুরুলি, জিয়াউর রহমান, সৈয়দ সামসুল আলম এবং আবু মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) আবদুর রহমানকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। একইসঙ্গে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ০৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বাতিল, আপিল শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, নির্বাচন পরিচালনা, ফলাফল ঘোষণা এবং নির্বাচিত প্রতিনিধিদের নিকট দায়িত্ব হস্তান্তর।
এছাড়াও নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য একটি নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হন মঞ্জুর মোঃ আজাদ এবং রফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি)।
নির্বাচন পরিচালনা পর্ষদ সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা, সদস্যপদ সংক্রান্ত আবেদন গ্রহণ, সদস্য তালিকা হালনাগাদ, সময়সূচি নির্ধারণ এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রশাসনিক ও সাংগঠনিক সহায়তা প্রদান করবেন বলে সিদ্ধান্ত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে নতুন সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করা হবে। এছাড়া বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর শাখার নির্বাচন আগামী ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, ফুটবল রেফারিদের পেশাগত দক্ষতা, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য একটি শক্তিশালী, কার্যকর ও গণতান্ত্রিক সংগঠন অপরিহার্য। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করার মাধ্যমে রেফারিং কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও মানসম্মত পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে উপস্থিত সকলেই বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও পেশাদারিত্বপূর্ণ করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।



















