
আবুল হোসেন বাবলুঃ
পাঁচ বছর বয়সী একটি শিশু খেলা করছিল বাড়ির সামনে। মুখ চেপে ধরে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক প্রতিবেশী বখাটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করার প্রেক্ষিতে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, শিশুটি প্রায় সময় খেলাধুলা করার উদ্দেশ্যে প্রতিবেশী শাহিদা বেগমের বাসায় যায়। ঘটনার দিন ২৭ মে ২০২৬ বিকেলে শিশুটি খেলাধুলার উদ্দেশ্যে সেখানে গেলে প্রতিবেশী বখাটে ছেলে সুযোগ বুঝে শিশুটির মুখ চেপে শাহিদা বেগমের ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত বখাটে পালিয়ে যায।
চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপনে ছিলো অভিযুক্ত বখাটে। র্যাব উক্ত আসামী গ্রেফতার করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৫ জুন রাত সাড়ে ১২ টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন নওদাবাস কেতকিবাড়ি গ্রামের জনৈক সাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত
ধর্ষণ মামলার প্রধান এজাহার নামীয় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর মুশরদ মদাতী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে বরাত ইসলাম(১৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।













