
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৫টি ছোট-বড় দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল সোয়া ৬টার দিকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাপড়, কসমেটিকস, ফলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ী এখন চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় করণীয় বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

এইচ এম নূরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ 












