
আবুল হোসেন বাবলুঃ
রংপুর বিভাগের মানুষের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও গবেষণামুখী করতে হবে। দক্ষ চিকিৎসক তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি। শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চিকিৎসক শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময়কালে এসব কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জি এম কাদেরের।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জি এম কাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ পরিদর্শনকালে কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষক-চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় রংপুর অঞ্চলের চিকিৎসা শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, হাসপাতালের সবধরনের অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা সরঞ্জাম সংকটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে রংপুরে চিকিৎসা অবকাঠামো উন্নয়ন, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা, চিকিৎসক ও নার্স সংকট নিরসন এবং দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। সভা শেষে জি এম কাদের কলেজের বিভিন্ন বিভাগ ও হাসপাতাল পরিদর্শনসহ রোগীদের খোঁজখবর নেন। উপস্থিত চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















