
মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬:
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর আওতাধীন গ্যাস সরবরাহ ও বিতরণকারী কোম্পানিগুলোর মধ্যে ২০২৫ পঞ্জিকাবর্ষে গ্যাস বিল পরিশোধে সর্বোচ্চ অর্থ প্রদান করে প্রথম স্থান অর্জন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব মো. রেজানুর রহমান।
অনুষ্ঠানে পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী, বিতরণকারী এবং কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহের মধ্যে ২০২৫ সালে পেট্রোবাংলার পাওনা অর্থ সময়মতো ও নিয়মিত পরিশোধে অগ্রণী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দুইটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধের মাধ্যমে শীর্ষস্থান অর্জন করে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এ উপলক্ষে তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালককে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়। এই অর্জনকে তিতাস গ্যাসের আর্থিক শৃঙ্খলা, পেশাদার ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার বিভিন্ন পর্যায়ের পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকগণসহ পেট্রোবাংলা ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র এই সাফল্য দেশের জ্বালানি খাতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

















