
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিকআপ চালানোর আড়ালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলো।
র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জুন রাত পৌঁনে ৯ টার দিকে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন নতুন ৩নং আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামস্থ ভূল্লীবাজার হতে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভার্টের উপর চেকপোষ্ট স্থাপন করে একটি পিকআপ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য ৬৪ কেজি গাঁজা উদ্ধার সহ পিকআপটি জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃত মাদক কারবারিদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে খোরশেদ (৪৫) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার অন্তর্ভুক্ত রামচন্দ্রগড় গ্রামের মৃত হাছান আলী এর ছেলে সিরাজ মিয়া (৪০)।
প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা পিকআপ চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















