
সিলেট প্রতিনিধি:
২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ ক্যাডার ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোঃ আশরাফুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
নেতাকর্মীরা বলেন, ছাত্র জনতার রক্ত ঝরিয়ে কেউ বিদেশে বসে নিরাপদে থাকবে এটি কখনোই মেনে নেওয়া যায় না। খুনি আশরাফুল ইসলামকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে বিচার করে ফাঁসি কার্যকর করার দাবীও জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে সিলেটের রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সিলেট জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা ও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়ে তার গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও আশরাফুল ইসলামের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো দৃশ্যমান আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি, যা জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, এটি শুধু একজন ছাত্রের হত্যাকাণ্ড নয় এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও ছাত্ররাজনীতির ওপর সরাসরি আঘাত। হত্যাকারীদের পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয়দাতা ও মদদদাতাদেরও দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বিক্ষোভ মিছিল চলাকালে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানে গোলাপগঞ্জের রাজপথ মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


















