
মোঃ শাহজাহান বাশার
মহান আল্লাহ্ যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, যাতে মানুষ মহান আল্লাহ্ তায়ালার নৈকট্য অর্জন করতে পারে। আমাদের প্রিয় নবিজী (দ.) সমগ্র সৃষ্টির জন্য রহমত হয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন। তার আদর্শ অনুসরণ করে সুফি সাধকরা, অলি আল্লাহ্গণ মানুষকে হেকমতের সহিত সিরাতাল মুস্তাকিমের পথে আহবান করেছেন। বুধবার (২রা ডিসেম্বর) রাতে নরসিংদী রায়পুরা পাহাড়কান্দি খলিফা জয়নাল মাইজভাণ্ডারী সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম রায়পুরা উপজেলা আয়োজিত বার্ষিক ওয়াজ, মিলাদ, জিকির ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান। তিনি বলেন, বাংলার বুকে জন্ম লাভ করা একমাত্র তরিক্বা, ‘তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়া’। এ তরিক্বা মানুষের অন্তরে মহান আল্লাহ্ ও প্রিয় নবিজী (দ) এর ভালোবাসাকে জাগ্রত করে। ফলে কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা, মানুষের জন্য সহজ হয়ে ওঠে। তিনি আরও বলেন, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়। তাই আত্মশুদ্ধি অর্জন করতে হলে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত সুফিয়ায়ে কেরামগণের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে তাসাউফ ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালিত করার বিকল্প নেই। মাহফিলে কুরআন-সুন্নাহ্ ভিত্তিক আলোচনা করেন, আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী, হাফেজ মাওলানা খাজা বাহাউদ্দীন প্রমুখ। মোহাম্মদ আসাদ মেম্বারের সভাপতিত্বে মাহফিল পরিচালনায় ছিলেন, খাদেম দুলাল মাইজভাণ্ডারী, মোহাম্মদ হুমায়ুন কবির মাইজভাণ্ডারী।
এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।





















