
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র ক্রয় ও জমার শেষ দিনে পঞ্চগড়-১ আসলে মনোনয়ন ফরম জমা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলটির প্রার্থী সারজিস আলম। পূর্বেই মনোনয়ন কিনলেও এনসিপিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নপত্র জমা করেননি জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন। তবে সারজিস আলমের মনোনয়নপত্র জমা দেয়ার সময় সঙ্গে ছিলেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন সারজিস আলম। এ সময় সমর্থন জানিয়ে সঙ্গে ছিলেন জামাত প্রার্থী ইকবাল হোসাইন।
এ বিষয়ে ইকবাল হোসাইন বলেন, পঞ্চগড়-১ আসন নিয়ে জামাতে ইসলাম ও বাকি ১০ দল যে সমঝোতায় নির্বাচনে অংশগ্রহণ করছে। সে হিসেবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই এনসিপির সারজিস আলমের হয়ে কাজ করব। তাকে সমর্থন দিয়ে আমরা নির্বাচনে বিজয়ী করতে কাজ করে যাব। যেহেতু একটি জাতীয় নির্বাচন তাই এনসিপির হয়ে শাপলা কলির পক্ষে পাশে থেকে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।
এ সময় সারজিস আলম বলেন, আজকে আমাদের ১১ দলের জোটের মাধ্যমে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই জোটের পক্ষ থেকে আমি পঞ্চগড়-১ আসনে এনসিপির যে মনোনয়ন ফরম সেটি আমি জমা করেছি। আমার সাথে পঞ্চগড় জেলা জামাতের আমির সাহেব এবং সম্মানিত জেনারেল সেক্রেটারি সাহেবও রয়েছেন। আজকে আমরা যে মনোনয়ন ফরমটি দাখিল করেছি, তাতে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দাখিল করেছি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত চেষ্টায় আমরা জয়লাভ করব।




















