
আবুল হোসেন বাবলুঃ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারাদেশের ন্যায় রংপুরে এক বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি রংপুর শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত অ্যাম্বুলেন্স স্টান্ডে রংপুরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স মালিক ও চালক একত্রিত হয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতির সভাপতি তারিকুল ইসলাম তারিকের নেতৃত্বে অ্যাম্বুলেন্স নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি,আর.টি.এ) অফিসের সামনে অবস্থান নেন। এরপর বিআরটিএ রংপুর সার্কেল এর কর্মকর্তা শফিকুল ইসলামের হাতে রংপুর অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি তারিকুল ইসলাম তারিক অ্যাম্বুলেন্স কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরেন। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ কথা বলেন।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দরা জানান, দ্রুত এম্বুলেন্সের দাবি-দাওয়া মেনে না নিলে আগামীতে মার্চ টু যমুনা কর্মসূচিসহ কঠোর আন্দোলনে যাবে তারা। এ সময় বিআরটিএ রংপুর সার্কেলের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বৈধ এম্বুলেন্স যেমন- ব্লু-বুকে এম্বুলেন্স লেখা আছে সে এম্বুলেন্সের রেজিষ্ট্রেশন করতে কোনো বাধা নেই। তবে এমন কিছু গাড়ি আছে যেগুলো মাইক্রো কিংবা অন্য কোন গাড়িকে এম্বুলেন্স বানানো হয়েছে সেইসব মোডিফাই গাড়ি এম্বুলেন্স হিসেবে রেজিষ্ট্রেশন হবেনা। ###


















