
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল (০৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর জেলার কাহারোল থানার অন্তর্ভুক্ত পূর্ব সাদিপুর গ্রামের মাদক কারবারি সোহেল রানার বাড়িতে অভিযান চালায়।
এ সময় সোহেলের ঘরের পিছনে খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ৭৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়ও সোহেলের দেহ তল্লাশী করে মাদক বিক্রয়লব্ধ নগদ ৩০ হাজার ৬ শত টাকা জব্দসহ মাদক কারবারি সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সোহেল রানা (২৯) দিনাজপুর জেলার কাহারোল থানার অন্তর্ভুক্ত পূর্ব সাদিপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
প্রাথমিকভাবে জানা যায়, সোহেল একজন পেশাদার মাদক কারবারি। সে দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। উক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।















