
মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ট্রাক এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা।
সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউপি’র বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকসহ ট্রাকটি জব্দ এবং মাদক কারবারির ছদ্মবেশধারী ট্রাকের চালককে আটক করেছে।
মঙ্গলবার ১৬ জুন রাত আনুমানিক ১০টায় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্ববর্তী পাকা রাস্তায় (ঢাকা মেট্রো -ট ২০-৯৯৯০) নাম্বার একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। ট্রাক, মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ এই অভিযানে জব্দকৃত মোট মূল্য ধরা হয় ৬৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা। এ সময় ট্রাক চালক রিয়াদ হোসেনকে(২০) আটক করতে সক্ষম হয় বিজিবি।
একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে বিজিবির চৌকা বিওপির অপর একটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এই অভিযানের জব্দকৃত মোট মালামালের মূল্য ২ লক্ষ ৫০০ টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।
তিনি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















