
রাজশাহীর পুঠিয়ায় লবণের আড়ালে পাচারকালে ১২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বানেশ্বর বাজার এলাকায় একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. হাসানুর রহমান (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে একটি বড় মাদকের চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের চৈতী মার্কেটের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় যশোর মেট্রো-ট-১১-৪৭০৫ নম্বরের একটি সন্দেহভাজন কার্গো ট্রাক থামিয়ে তল্লাশি চালায় র্যাব। ট্রাকটিতে ১৩ হাজার কেজি লবণ পরিবহন করা হচ্ছিল। লবণের বস্তাগুলোর আড়ালে সুকৌশলে লুকিয়ে রাখা ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাসানুর রহমান স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিলেন। লবণের চালান পরিবহনের আড়ালে তিনি মূলত এই বড় মাদকের চালানটি পাচার করছিলেন।
এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের দমনে র্যাবের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে



















