
মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ান এবং মাই টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’।

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলার বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন, হোসেন শাহনেওয়াজ (সভাপতি জেলা প্রেসক্লাব), কামাল উদ্দীন (সম্পাদক দৈনিক চাঁপাই চিত্র),
আশরাফুল ইসলাম রঞ্জু (সম্পাদক দৈনিক চাঁপাই দর্পণ), আখতারুজ্জামান ইশা (সভাপতি চাঁপাই প্রেসক্লাব), মেহেদী হাসান (সাধারণ সম্পাদক সিটি প্রেসক্লাব),
আনোয়ার হোসেন দিলু (জেলা প্রতিনিধি প্রথম আলো), মনোয়ার হোসেন জুয়েল (সাধারণ সম্পাদক জেলা প্রেসক্লাব), রফিকুল আলম (সভাপতি টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন), ফারুক আহমেদ চৌধুরী (সাধারণ সম্পাদক টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন), ডাবলু কুমার ঘোষ (জেলা প্রতিনিধি মাছরাঙা টেলিভিশন)।
বক্তারা অভিযোগ করেন, হামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের ধরছে না। উল্টো নিরীহ ব্যক্তিদের আটক করে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।






















