
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র অভিযানে ফেয়ারডিল, এসকাফ ও জোটেক্সাসহ মাদকের বিশাল চালান জব্দ। একজন মাদক কারবারি গ্রেফতার।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ২৮ মার্চ বিকেলে র্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত ২নং ভেলাবাড়ি ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায়।

এ সময় খাটের নিচ থেকে প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ ও ১ বোতল জোটেক্সা সহ সর্বমোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত তালুকদুলালী (ঝাড়িরঝাড়) গ্রামের
মৃত আছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামি লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে মাদক কারবারিদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















