
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের গঙ্গাচড়ায় একটি ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন সহ তদন্তে প্রাপ্ত মূল আসামীকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশের ডিবি ও গংগাচড়া মডেল থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম। হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছে হত্যাকারী।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান ২০২৫ সালের ০৮ ডিসেম্বর ভিকটিম আখেরুল ইসলাম @ আখের রংপুরের গঙ্গাচড়া মডেল থানাধীন মালিপের বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সোয়া দশটার দিকে পথিমধ্যে বাঁশ ঝাড়ের কাছে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযুক্ত বাতেন বাঁশ ঝাড় থেকে বের হয়ে পূর্ব শত্রুতার জের ধরে লোহার হাতুড়ি দিয়ে আখেরুলের মাথায় পিছন থেকে আঘাত করে। এতে আখিরুল মাটিতে পড়ে গেলে বাতেন আরও কয়েকটি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় ভিকটিমের ভাই গঙ্গাচড়া মডেল থানায় এসে মামলা করে। গংগাচড়া মডেল থানার মামলা নং-০৭/৩৯৮,তারিখ-১৪/১২/ ২০২৫খ্রি , ধারা ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। মামলার ঘটনাটি ছিল ক্লুলেস এবং হত্যাকাণ্ডটি এলাকায় বেশ চঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইনের দিকনির্দেশনায় রংপুর জেলা ডিবি পুলিশ এবং গংগাচড়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের চৌকস টিমটি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৩২নং রোডে বিশেষ অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত মুল আসামী বাতেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার অন্তর্ভুক্ত ভুটকা গ্রামের মৃত আলতাব হোসেন এর ছেলে আব্দুল বাতেন (৪০)।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীকে ঢাকা থেকে রংপুরে এনে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। মামলাটি তদন্তাধীন আছে।



















