
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারী সকালে নজরুল ইসলাম @ নয়ন তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাবার পথে কুড়িগ্রাম জেলার পৌরসভাধীন তারামন বিবি চৌরাস্তায় পৌঁছা মাত্র নাগেশ্বরী হতে কুড়িগ্রামগামী পাথর বোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক পিছন থেকে মোইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে নয়ন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
এ ঘটনায় নজরুল ইসলাম @ নয়ন এর ভাই এনামুল হক বাদী হয়ে (১৪ জানুয়ারী) ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫। মর্মান্তিক এ ঘটনায় উক্ত এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আসামীকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল
১৬ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন ধবলগুড়ি এলাকা থেকে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ট্রাক চালক রংপুর জেলার পীরগাছা থানাধীন চাপড়া কান্দিরহাট গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















