
রংপুরে ভোট পুন:গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ধানের শীষ মার্কার প্রার্থী ও সমর্থকেরা। বিক্ষোভ স্লোগানে উত্তাল রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) ও রংপুর-৬’র (পীরগঞ্জ) আসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর), রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীদের সমর্থকেরা। রোববার দুপুরে তারা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।এ সময় বিক্ষোভকারীরা এনসিপি প্রার্থী আখতার হোসেন ও রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান
এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভ কর্মসূচিতে রংপুর-৩ সদর আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ পীরগাছা-কাউনিয়ার এমদাদুল হক ভরসা এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বেসরকারি ফলাফলে রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট।
এমদাদুল হক ভরসা অভিযোগ করে বলেন, এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে, ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হব। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এনসিপি প্রার্থী আখতার হোসেনকে জয়ী করা হয়েছে। তিনি বলেন, ভোটের দিন বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে মব সৃষ্টি করে প্রশাসনের সহায়তায় ফলাফল প্রভাবিত করেছে প্রতিপক্ষ এনসিপি প্রার্থী আখতার হোসেন। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাননি বলে জানান তিনি। বিএনপির এই প্রার্থী ফলাফল পুনর্গণনার দাবি জানান।
জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিতে গিয়ে এমদাদুল হক ভরসা আবেগ আপ্লুত হয়ে অভিশাপ দেন,
ভাই আমার অভিশাপ থাকল।আল্লাহ আপনার বিচার করবে। আমার বউ-বাচ্চাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে আমার ভোট ছিনতাই করেছেন। আল্লাহর কাছে বিচার দিলাম। আপনার ছেলে-মেয়েও রাস্তায় রাস্তায় কান্না করবে, ৃএটা আমার অভিশাপ। আপনি আমার ভোট ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন। ডিসিকে অভিশাপ দেওয়ার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর আগে শনিবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এমদাদুল হক ভরসার সমর্থকরা।
রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এ আসনে জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।
রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমীন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ভোট পুনঃগণনার দাবি না মানলে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান এই ৩টি আসনের প্রার্থী ও সমর্থকরা।
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান জানান, রংপুর ৩, ৪ ও ৬ আসনের বিএনপির প্রার্থীদের ভোট পুনরায় গণনার বিষয়টি লিখিত আকারে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পরবর্তী নির্দেশনার জন্য প্রেরণ করেছি।



















