
রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় অটোচালক বন্ধু চাবি দিয়ে আঘাত করে অপর বন্ধুকে হত্যার অভিযোগে দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর তাতিপাড়া এলাকায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বিজয় মোহন্তের চাবির আঘাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক অটো চালক নিহত হয়েছে।
নিহত আমিনুল রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন উত্তর রবার্টসন গঞ্জ তাতিপাড়া মহল্লার মৃত খতিউল্লা মুনসীর ছেলে। হত্যাকান্ডের পরপরই বিজয় মোহন্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজনে একে-অপরের বন্ধু ছিল।টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বিজয় চাবি দিয়ে আমিনুলের বুকে আঘাত করলে তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি)সনাতন চক্রবর্তী বলেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) তাৎক্ষণিক আসামী গ্রেফতারে মাঠে নামে। ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার তারাগঞ্জ থানার অন্তর্ভুক্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন কামাল কাছনা এলাকার বৈরাগীপাড়া মহল্লার বিশু মোহন্তের ছেলে বিজয় মোহন্ত (৩১)। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, দুজনের মধ্যে কিছু টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বিজয় আমিনুলের বুকে চাবি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়
আমিনুল। বুকের ডান পাশে একটি ক্ষত দেখা গেছে পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় সর্বদা তৎপর রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ এছাড়া পুলিশ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত আছে।





















