
ভোলা জেলা প্রতিনিধি :ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি কার্যক্রমে বাধা প্রদান, এক নারী কর্মীকে হেনস্তা এবং সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে। আজ সকালে সংঘটিত এই ঘটনার জন্য নব্য ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, যারা নারীদের হেনস্তা করে এবং নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ, তারা কখনোই দেশ পরিচালনার যোগ্য নয়।
তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ন্যায্য বিচার নিশ্চিত না করা হলে ভবিষ্যতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসনকে দায় নিতে হবে।
অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, “চরফ্যাশনের শান্তিপূর্ণ জনপদে আমরা কোনো অশান্তি চাই না। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, প্রশাসন দিন দিন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।”
তিনি অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
















