
মোঃ শান্ত খান সাভার, উপজেলা প্রতিনিধি: ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আগে ধরতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। ভূমিদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির ওপর মানুষ যে আস্থা রেখেছে, তার প্রেক্ষিতে সব ধরনের উন্নয়নমূলক কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর যেমন মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন, তেমনি আগামী দিনেও নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে বিভিন্ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























