
মোঃ শাহজাহান বাশার
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান)-এর ২০২৪–২৫ অর্থবছরের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৫ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আজ ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার) ডিজিটাল প্ল্যাটফর্মে হাইব্রিড পদ্ধতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এবং তিতাস গ্যাস বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল্লাহ পান্না। সভায় তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা, কোম্পানির শীর্ষ নির্বাহী এবং বিপুলসংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
৪৪তম বার্ষিক সাধারণ সভায় আলোচ্য ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব অনুমোদনের পাশাপাশি প্রতিটি শেয়ারের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একইসঙ্গে সরকারের ইক্যুইটির বিপরীতে প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও সভায় অনুমোদন লাভ করে।
সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জ্বালানি খাতে তিতাস গ্যাসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, পুরো সভার কার্যক্রম শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।





















