
মোঃ শাহজাহান বাশার
গাজীপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে মইনীয়া যুব ফোরামের ৩য় বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ–২০২৫ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) গাজীপুর মহানগরের রাজবাড়ী রোডস্থ পিটিআই অডিটরিয়ামে সকাল থেকেই হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ উৎসবের রূপ ধারণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন ও মোঃ জুনায়েদ সিদ্দিকী যৌথভাবে পুরো কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন।সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), নবী বংশের ৩২তম নূরানী আওলাদ, শাহজাদায়ে গাউছুল আযম, আলহাজ্ব শাহসুফী সাইয়্যিদ মাশুক এ মইনুদ্দীন আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাঃজিঃআ)।
প্রধান অতিথি তার বিশদ বক্তব্যে তরুণদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন, মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“মইনীয়া তরুণরা দেশ, সমাজ ও ধর্মের কল্যাণে আলোর প্রদীপ হয়ে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
সমাবেশে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা, দিকনির্দেশনা ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর কাউন্সিল অধিবেশন শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
মহানগর কমিটি ,সভাপতি: মোঃ আশরাফুল রোমান ,সাধারণ সম্পাদক: মোঃ নাইম মন্ডল ,সাংগঠনিক সম্পাদক: মোঃ বরকত হোসেন
জেলা কমিটি সভাপতি: মোঃ জুনায়েদ সিদ্দিকী ,সাধারণ সম্পাদক: মোঃ হাসনাত বিন কামাল
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সাংগঠনিক শক্তি আরো সুদৃঢ় করা, তরুণদের আধ্যাত্মিক চেতনায় আলোকিত করা এবং সমাজে মানবিক মূল্যবোধ বিস্তারের লক্ষ্যেই তারা কাজ করবেন।



















