
মোঃ শাহজাহান বাশার
ভারতের পর্যটন নিধি হিসেবে পরিচিত গোয়ার উপকূলীয় এলাকায় এক জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ক্লাবটির কর্মচারী, বাকীরা ভ্রমণে আসা পর্যটক।
রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত
গোয়ার উত্তরাঞ্চলের আরপোরা এলাকার সৈকতসংলগ্ন “বার্চ বাই রোমিও লেন” নামে পরিচিত ওই নাইটক্লাবে শনিবার স্থানীয় সময় মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে।পুলিশের প্রাথমিক ধারণা—রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানান,
“আগুন মূলত ক্লাবের নীচতলায় রান্নাঘরের আশপাশেই সীমাবদ্ধ ছিল। বেশিরভাগ মৃতদেহ রান্নাঘরের নিকটবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা মূলত ক্লাবের কর্মী বলে ধারণা করছি।”
তিনি আরও বলেন,“মধ্যরাতে আগুন লাগে এবং কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে গোয়ার এই মর্মান্তিক অগ্নিকাণ্ডকে ‘গভীর দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে, গোয়ার পর্যটকপ্রিয় বাগা এলাকার ক্লাবটিতে ঘটনার সময় কর্মী ও পর্যটকসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ বিস্ফোরণের ফলে মুহূর্তেই পুরো নীচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে।

মোঃ শাহজাহান বাশার 















