
মোঃ শাহজাহান বাশার
ঢাকা: আমিনবাজারে বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে প্রবাহিত ঢাকামুখী গ্যাস পাইপলাইনের লিকেজ সফলভাবে মেরামত সম্পন্ন হয়েছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সমন্বিত সহযোগিতায় এই মেরামত কাজ শেষ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার ডিআরএস থেকে বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে প্রবাহিত ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইনে লিকেজ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ৫০ পিএসআইজি চাপের ওই লাইনের লিকেজস্থলে বিশেষ লিক রিপেয়ার ক্ল্যাম্প সফলভাবে স্থাপন করা হয়েছে।
মেরামত শেষে বর্তমানে ওই লাইন দিয়ে ঢাকার গ্যাস নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমের পর্যবেক্ষণে বাহ্যিকভাবে আর কোনো গ্যাস লিকেজ পরিলক্ষিত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, নদীর তলদেশে গ্যাস পাইপলাইনের মেরামত কাজটি ছিল ঝুঁকিপূর্ণ ও কারিগরি দিক থেকে জটিল। তবে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ করার ফলে কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পাইপলাইনের নিয়মিত তদারকি ও কারিগরি পরীক্ষা আরও জোরদার করা হবে।
—প্রেস বিজ্ঞপ্তি





















