
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে ধানের শীষের ছায়ায় এক কাতারে দাঁড়িয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ নেতা মোবাশ্বের ভূইয়া ও গফুর ভূইয়া। দীর্ঘদিন ধরে আলোচিত এই দুই নেতার ঐক্যকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।
এই ঐক্যবদ্ধ অবস্থানের মধ্য দিয়ে কুমিল্লা-১০ আসনে বিএনপির রাজনীতিতে একটি শক্ত ও স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন,
“ঐক্যবদ্ধ বিএনপিই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই। দলীয় ঐক্যের মাধ্যমেই আগামীর বিজয় নিশ্চিত হবে—এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”
তিনি আরও বলেন, ব্যক্তি বা গ্রুপ স্বার্থ নয়, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। কুমিল্লা-১০ আসন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে তিনি বলেন, এই আসনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, মোবাশ্বের ভূইয়া ও গফুর ভূইয়ার ঐক্য কুমিল্লা-১০ আসনে বিএনপির সাংগঠনিক ভিতকে আরও মজবুত করবে। দীর্ঘদিন ধরে যেসব বিভক্তি ও ভুল বোঝাবুঝি ছিল, তা কাটিয়ে উঠে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।
নেতাকর্মীদের মতে, এই ঐক্য শুধু একটি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো দক্ষিণ কুমিল্লায় বিএনপির রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে এবং ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
শেষ পর্যন্ত নেতাকর্মীরা এক কণ্ঠে ঘোষণা দেন—ঐক্যবদ্ধ বিএনপি, বিজয়ের প্রত্যয়।





















