
মোঃ শাহজাহান বাশার
ঢাকা: “মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়”— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিটি মানুষ উদ্যোক্তা হওয়ার সক্ষমতা নিয়ে জন্মায় এবং সেই সুযোগ তৈরি করাই আমাদের দায়িত্ব।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সবাইকে সেই সুযোগ দিতে হবে। আজকের দিনে প্রযুক্তি আমাদের অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি মানুষ নিজের সক্ষমতাকে বাস্তবে রূপ দিতে পারে।”
তিনি আরও বলেন, “এখন ছেলেমেয়েরা ৮০’র দশকের মতো নেই। তারা অনেক বেশি পরিবর্তিত, অনেক দূর এগিয়ে গেছে। কয়েক লাখ তরুণ ইতিমধ্যেই বিনিয়োগকারী ও উদ্যোক্তা হয়েছে। আইন ও নিয়মকানুনের কারণে যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো সংশোধন করে আরও সম্ভাবনা সৃষ্টি করা জরুরি।”
পিকেএসএফ সম্পর্কে তিনি বলেন, “সংস্থাটি আজ নতুন কাঠামো ও নতুন নিয়মে কাজ করছে। বিনিয়োগের মধ্যে যেতে পারলে অনেক বড় কিছু হতে পারে। নতুন ভবন থেকে পিকেএসএফের নতুন যাত্রা শুরু হবে বলে আমি আশা করি।”
প্রধান উপদেষ্টা পিকেএসএফ প্রতিষ্ঠার স্মৃতিচারণ করে বলেন, “বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ড এসেছিল। সেই ২০ কোটি টাকা না এলে পিকেএসএফ-এর জন্মও হতো না। তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ চেয়েছিলেন টাকাটা এখানে থাকুক। আমি বলেছিলাম, টাকাটা ফেরত দিয়ে দিন, নইলে মানুষ খেয়ে ফেলবে। সেখান থেকেই পুরো ঘটনাটা ঘটে। একেবারে গোড়া থেকে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, যা দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আরও কার্যকরভাবে গড়ে তুলতে পারি, তবে সত্যিই প্রতিটি মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা সম্ভব হবে।”



















