
মোঃ শাহজাহান বাশার,
ঢাকা: ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে চলমান সড়ক অবরোধে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই অবরোধ আর সহ্য করা হবে না। বিকেলের মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে বলপ্রয়োগ করে তা সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। আজকের মধ্যে সমাধান না করলে আমরা আইন প্রয়োগে বাধ্য হব।”
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি রোধ এবং সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়া পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা এবং ফরিদপুরের দুটি ইউনিয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফরিদপুরের দুটি ইউনিয়নকে একটি সংসদীয় আসন থেকে সরিয়ে অন্য আসনে অন্তর্ভুক্ত করা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। তিনি বলেন, “যদি ক্ষোভ থেকে থাকে, তবে সেটা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল। কিন্তু সেটিকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।”
ফরিদপুর ছাড়াও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে অন্যান্য জেলায়ও উত্তেজনা চলছে। পাবনার বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক-নৌপথ অবরোধ চলছে। অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসন পুনর্বহালের দাবিতে জেলায় অফিস-আদালত অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুটি ইউনিয়নের কারণে পুরো দেশের মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। কতজন ভোটার আর কতজন লোকের জন্য লাখ লাখ মানুষকে কষ্ট পেতে হচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগে যেতে হবে।”



















