
আবুল হোসেন বাবলুঃ
ডিবির সফল অভিযানে মাদক, অন লাইন জুয়া, প্রশ্ন ফাঁসের ডিভাইস ইত্যাদি উদ্ধারের ধারাবাহিকতায় এবার মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি’র অভিযানে জীব বৈচিত্রের জন্য হুমকি, নিষিদ্ধ ‘কারেন্ট জাল’ উদ্ধারসহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, কারেন্ট জাল আমদানি, উৎপাদন, পরিবহন, ক্রয়-বিক্রয়, ব্যবহার নিষিদ্ধ। কারেন্ট জাল ব্যবহার করলে জলজ জীব বৈচিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের কাছে গোপন তথ্য ছিল, এর ভিত্তিতে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনায় মহানগর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ‘কারেন্ট জাল’ উদ্ধার সহ একজনকে আটক করেছে।
শুক্রবার রাতে ডিবি’র পরিদর্শক জিন্নাত আলির নেতৃত্বে ডিবির একটি আভিযানিক টিম মহানগরীর ফুল আমের তল এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ ফুট কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন উমর বালাটারী গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে তহাছেন মিয়া (৪৫)। আটক ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।



















