
আবুল হোসেন বাবলুঃ
আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি’র) অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে সোমবার ৪ মে গভীর রাতে পুলিশ পরিদর্শক জিন্নাত আলীর নেতৃত্বে এসআই প্রণয় কৃষ্ণ মন্ডলসহ ডিবি’র একটি চৌকস টিম আরপিএমপি’র হাজীরহাট থানাধীন রাধাকৃষ্ণপুর নজীরেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মিটুলের পানের দোকানের ভিতরে অনলাইনে জুয়া খেলাকালীন অবস্থায় ০৪ জন জুয়াড়ুকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা রংপুর মহানগর হাজীরহাট থানাধীন ১১ নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর শালমারা গ্রামের আলতাফ হোসেন ও হেলালী বেগম এর ছেলে হাসানুর রহমান (২৪), একই গ্রামের মৃত মাহাতাব উদ্দিন ও আজেদা বেগমের ছেলে আরমান হোসেন (২২), একই থানার অন্তর্ভুক্ত পশ্চিম গোপিনাথপুর গ্রামের আমিনুল ইসলাম ও মোছা: নাজমা বেগমের ছেলে রাজু ইসলাম (২৭)এবং রংপুর কোতয়ালী থানাধীন ০৬নং ওয়ার্ডের জানপুর এলাকার প্রদীপ সরকার ও জোস্না রানীর ছেলে পাপন সরকার (২৬)।
অভিযানকালে আসামীদের কাছ থেকে একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলোতে বিভিন্ন অনলাইন জুয়া সংক্রান্ত অ্যাপস ইনস্টল করা ছিল। ওইসব মোবাইল ফোন ব্যবহার করে তারা জুয়া কার্যক্রম পরিচালনা করছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















