
রংপুর ব্যুরোঃ
রংপুর নগরীর অভিজাত হোটেল নর্থভিউ এর ১০ম তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পড়ুয়া কলেজ শিক্ষার্থী। মর্মান্তিক এ মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।এঘটনায় নিহত শিক্ষার্থীর প্রাইভেট শিক্ষক রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন সন্ধ্যা) পৌনে ছয়টার দিকে মেয়েটি নর্থ ভিউ এর ছাদ রুফটপ থেকে সড়কে পড়ার সাথে সাথেই মারা যায়।
রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর সায়েন্স বিভাগের এইচএসসি পড়ুয়া নুজসাত জাহান বিনতি নামের ওই শিক্ষার্থী নগরীর অভিজাত হোটেল নর্থভিউ এর ১০ম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ বলছে প্রেম ঘটিত বিষয় কিংবা পারিবারিক কোন আঘাত পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মেয়েটি।
পরিবার সূত্রে জানা গেছে মেয়েটির বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানাধীন গোসাইগঞ্জ, মুন্সির হাট এলাকায়। রংপুর মহানগরীর খলিফা পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সোমবার বিকেল চারটার দিকে মেয়েটি আইসিটি প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়েছিল।
নুজসাতের বাবা নজরুল ইসলাম কোতয়ালী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে মেয়ের আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, নিহতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহম্মেদ সাকিন এর মানসিক অত্যাচার ও আচরণই ভিকটিমকে আত্মহত্যা করতে উদ্ভুদ্ধ করেছে। তদন্তে পাওয়া যায় যে, নিহতের ব্যবহৃত মোবাইল ফোনে অভিযুক্তের কথোপকথন ও বিভিন্ন প্রমাণ মিলেছে।
নুজসাত জাহান বিনতির মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মেট্রোপলিটন ডিবি’র সহযোগিতায় শাহরিয়ার আহমেদ সাকিন নামের ওই যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃত যুবক রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং নুজসাত জাহান বিনতির প্রাইভেট শিক্ষক।
থানা চত্বরে পুলিশের গাড়িতে বসা অবস্থায় উপস্থিত সাংবাদিকদেরকে আটক শাহরিয়ার আহমেদ সাকিন বলেন, ও আমার স্টুডেন্ট ছিলো, ওরা ৪ জন এক ব্যাচে পড়ত। ও আমাকে পছন্দ করত এটা যখন আমি টের পেয়েছি, তখন আমি ওই ব্যাচ থেকে বের হয়ে আসছি। পরে ওর মায়ের অনেক রিকুয়েষ্টের পর আমি আরেকটা ব্যাচে ওকে ইনক্লুড করছি, আলাদা পড়াইনি। তারপরও যখন দেখলাম ও আমাকে পছন্দ করতেছে, প্রবলেমের কথা বলে হোয়াটসঅ্যাপে নক করতেছে, আমি ওর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখিনি। সবখানে ব্লক করে রেখেছিলাম। আমি এর সাথে কোনোভাবেই জড়িত না, গতকাল ওই টাইমে (আত্মহত্যার সময়) আমি ব্যাচ পড়াইতেছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুলিশের তদন্তে বেরিয়ে আসতে শুরু করেছে মেয়েটি প্রেম ঘটিত কারণে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলমান। নুজসাত জাহানের মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ সাকিন নামে এক যুবককে আটক করা হয়েছে।






















