
আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি’র) চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ ফেব্রুয়ারী বিকেল সোয়া তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহানগর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
এ সময় নং-২৬ ওয়ার্ডস্থ ছোট নূরপুর গুপ্তপাড়া ব্রীজ সংলগ্ন জয়ন্ত সুজ নামক জুতার দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার সদর থানাধীন ধনঞ্জয় বেলগাছা গ্রামের আব্দুল মতিন এর ছেলে আরিফ আহমেদ (২২)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি টিম মহানগরীতে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা পুলিশের হটলাইনে জানানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।



















