
রিয়াজুল ইসলাম রুহী, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাছারী পায়ড়া ডাঙ্গা বাজার পশ্চিম এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের লাশ প্রায় ২০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও দাফন সম্পন্ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আজিজার রহমান ব্যাপারী (৭৫) গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় ইন্তেকাল করেন। বাদ ফজর মাইকিংয়ের মাধ্যমে জানাজা নামাজের সময় বেলা ১১টা ঘোষণা করা হলেও নির্ধারিত সময়ে দাফন কার্যক্রম সম্পন্ন হয়নি।
মৃত আজিজার রহমান দুই স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলের জনক। প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও এক ছেলে—মোঃ আব্দুর রহমান (৫০), ওরফে মনভোলা। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সকল সন্তানের বিবাহ সম্পন্ন হয়েছে।
অভিযোগ রয়েছে, জীবদ্দশায় অসুস্থতার সুযোগ নিয়ে দ্বিতীয় পক্ষের ছেলে মোঃ টাইগার (৪২) চিকিৎসার অজুহাতে বাবার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিয়ে আবাদি জমি ও বাড়ির ২১ শতক ভিটা নিজের নামে লিখে নেন। বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাইবোন আপত্তি জানান এবং কয়েক দফা বৈঠক হলেও সমাধান হয়নি।
মৃত্যুর পর দাফন নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। প্রথম পক্ষের সন্তানরা লাশ দাফনে বাধা দেন। ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। একপর্যায়ে জমির দলিল সংক্রান্ত বিষয়ে সমঝোতার মাধ্যমে দাফনের অনুমতি মিললেও হঠাৎ মোঃ টাইগার অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে তিনি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত দাফন কার্যক্রম স্থগিত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ ব্যক্তি বলেন, “আমার ৬০ বছরের জীবনে এলাকায় এমন হতাশাজনক ঘটনা দেখিনি।”
এ ঘটনায় এলাকায় চরম হতাশা বিরাজ করছে। সকাল থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


















