
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর পাড় ও ফসলি জমি থেকে রাতভর মাটি কাটার অভিযোগ উঠেছে ময়নামতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও শ্রমিক লীগ সভাপতি জাবেদ হোসেন মেম্বারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, জাবেদ হোসেনের মালিকানায় থাকা একাধিক ডাম্প ট্রাক ও ভেকু (এক্সকাভেটর) দিয়ে নিয়মিতভাবে বিভিন্ন এলাকা থেকে মাটি কাটা হচ্ছে। বিশেষ করে শাকুরা স্টিল মিল সংলগ্ন কয়েক একর ফসলি জমির উপরিভাগ কেটে নেওয়ায় জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়া মিরপুর ও কঠালিয়া এলাকায় গোমতী নদী-র চর থেকেও ব্যাপকভাবে মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব মাটি বিভিন্ন স্থানে, বিশেষ করে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীর পাড় দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে জনদুর্ভোগ।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তবে অভিযোগের বিষয়ে জাবেদ হোসেন মেম্বারের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ মাটি উত্তোলন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে কৃষিজমি ও নদী তীর রক্ষা পায়।





















