
আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি’র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম জেলা কোতয়ালী থানাধীন হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুয়া বিরোধী অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের তিনজন সদস্যকে আটক করেছে।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজারস্থ মোস্তফা কামালের চায়ের দোকানের ভিতর অনলাইনে জুয়া খেলাকালে চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা রংপুর জেলার সদর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত কিশামত হরকলি গ্রামের তৈয়ব আলীর ছেলে
নুরুন্নবী ইসলাম তপু (২৫), একই থানাধীন মহাদেবপুর তেলীপাড়া গ্রামের মেহের আলীর ছেলে রবিউল ইসলাম (২৫) এবং বতিরামপুর গ্রামের মহুবাত আলীর ছেলে মোজাহিদ আলী @ লাদেন (২৩)। এ ছাড়াও এ সময় অজ্ঞাতনামা ৫-৬ জন দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতদের স্বীকারোক্তি মতে তাদের মোবাইল ফোনে অনলাইন এপ্লিকেশন এবং ব্রাউজারে জুয়া খেলার ওয়েবসাইট লগইন অবস্থায় পাওয়া যায়। সকল ডিভাইস সমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। উল্লেখ্য আটককৃত ও পলাতকরা রংপুর জেলার কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলে এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ বা বিকাশ একাউন্ট খুলে, প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল চালিয়ে আসছিল।
এ সংক্রান্তে জব্দকৃত আলামতসহ কোতোয়ালী থানায় আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর: ০৩, তাং- ০৫/০৩/২০২৬খ্রি.। অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















