
আবুল হোসেন বাবলুঃ
মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ জানুয়ারী বিকেলে দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের শেখপুরা বিশ্বনাথপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে পলিব্যাগে রক্ষিত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। ধৃত মাদক কারবারি দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত শেখপুরা বিশ্বনাথপুর গ্রামের রস্তম আলীর ছেলে রেজাউল ইসলাম (৪৭)।
প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামী দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে দিনাজপুরের বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















