
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ও তবকপুর ইউনিয়নে ভোটকেন্দ্র পরিদর্শন সহ ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, অবকাঠামোগত অবস্থা এবং ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। পরে স্থানীয় গ্রামসমূহে একাধিক উঠান বৈঠকের আয়োজন করে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
এ কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রাম পর্যায়ে উঠানবৈঠক আয়োজন ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ প্রচারণা চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকগুলোতে কর্মকর্তারা গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় এবং ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদা করে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ভোটারদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে এ ধরনের মাঠপর্যায়ের তদারকি ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।











