মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও সার্বিক মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মোমেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের এবং কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুসসহ শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলতার জন্য নিয়মিত অধ্যয়ন, সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। তারা পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।