আবুল হোসেন বাবলুঃ

হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে একদল ডাকাত মোটরসাইকেল যোগে এসে পথ রোধ করে অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী মিষ্টার এবং রবিউল ইসলামকে একটি মুরগির খামারে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি ২০২৬ সালের (২ ফেব্রুয়ারী) রাতে  লালমনিরহাটের চাপারহাটে ৩টি গরু ৩ লক্ষ ৪ হাজার টাকায় বিক্রি করে বাড়ি ফিরছিলেন গরু ব্যবসায়ী মিষ্টার আলী ও রবিউল ইসলাম। পথিমধ্যে ধৃত ডাকাত প্রধান ও তার সহযোগী ডাকাতরা মোটরসাইকেল যোগে এসে মিষ্টার আলী ও রবিউল ইসলামকে একটি মুরগির খামারে নিয়ে গিয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গরু বিক্রির ৩ লক্ষ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও ভিকটিমদের মাফলার দিয়ে দুইচোখ ও দড়ি দিয়ে দুইহাত পিছনে বেঁধে মারপিট ও হত্যার হুমকি দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ৫ লক্ষ ২০ হাজার ১০৭ টাকাসহ সর্বমোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমদের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় রাতভর খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনায় ভিকটিম রবিউল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় গত ০৩/০৪/২০২৬ তারিখ ধারা-৩৯৫/৩৪ পেনাল কোডে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/৭৮।

উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল ১৯ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম মনিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উল্লেখিত ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর মুরারত গ্রামের বেলাল মেম্বারের ছেলে মোমছেদুল খান বুলবুল (৩৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।