মোঃ শাহজাহান বাশার

আরবি বর্ষ পালন ও উদযাপন মুসলিম বিশ্বের গৌরব ও ঐতিহ্যের প্রতীক বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি-এর চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

সোমবার (১৫ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ফুলতলী এলাকায় মোঃ বোরহান উদ্দিন মাইজভাণ্ডারীর বাসভবন সংলগ্ন ময়দানে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘হিজরি নববর্ষ আত্মশুদ্ধি, আত্মসংযম ও ঐক্যের বার্তা দেয়। এই নববর্ষ যেন হয় মানবিক মূল্যবোধ ও নৈতিক শক্তির নবজাগরণের সূচনা। তিনি বলেন, ইতিহাস চর্চা কোনো বিলাসিতা নয়, বরং জাতি গঠনের এক অপরিহার্য উপাদান। মুসলমানদের গৌরবময় অতীত চর্চার মধ্য দিয়েই ভবিষ্যতের পথ নির্মাণ সম্ভব। আরবি বর্ষ পালন ও উদযাপন মুসলিম বিশ্বের গৌরব ও ঐতিহ্যের প্রতীক।’

মাহ্ফিলে প্রধান আলোচক ছিলেন, কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি বাকিবিল্লাহ্ আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ কেরামত আলী, শায়ের মাওলানা মনসুর আলী, হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ খাজা বাহাউদ্দীন প্রমুখ।

এস এম কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস।

এছাড়াও বক্তব্য রাখেন, খ্যাতিমান ওলামা মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।