মোঃ শাহজাহান বাশার

কুরিয়ার সার্ভিসে ‘নাড়ু’ বলে বুকিং করা হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বেরিয়ে এলো ভয়ংকর সত্য। কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে পাঠানো দুই কার্টুনের ভেতর থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের জেলা শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে চালানের প্রকৃত গ্রহীতা বা মাদক চক্রের কোনো সদস্যকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুরিয়ার অফিসে থাকা দুটি কার্টুন তল্লাশি করে মোট সাতটি প্যাকেটে সংরক্ষিত প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে উল্লেখ করে পার্সেল দুটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির কারণে শেষ পর্যন্ত মাদক চালানটি জব্দ করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে মাদক পাচারের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকতে পারে। তাই এ ঘটনার সঙ্গে জড়িত নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।