আবুল হোসেন বাবলুঃ

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে জুয়ার আসর হতে জুয়া খেলার আলামত ডাবু, গুটি উদ্ধারসহ ৩ জুয়ারি গ্রেফতার।

আরপিএমপি’র কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় রংপুর মহানগরীতে অপরাধ দমন, মাদক ও জুয়াবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার অন্তর্ভুক্ত পাটবাড়ী কালামের পুকুর পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সময় ০৩ জন জুয়ারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা আরপিএমপি’র কোতয়ালী থানাধীন পাটবাড়ী এলাকার মৃত শামীম সরকার ও নীলা পারভীন এর ছেলে শুক্কুর আলী (২৬), একই থানার অন্তর্ভুক্ত
রবার্টসনগঞ্জ মন্ডলপাড়া গ্রামের মহের আলী ও রহিমা বেগমের ছেলে মাসুদ রানা (২৬) এবং একই থানার অন্তর্ভুক্ত নূরপুর মহল্লার মৃত সামসুল হক ও জাহানারা বেগমের ছেলে আমজাদ হোসেন (৪৩)। অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার আলামত হিসেবে ০৬টি গুটি, ০১টি ডাবু, ০১টি ফর এবং নগদ ৬৭০ টাকা উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনারের নির্দেশে মহানগরীতে জুয়া, মাদক ও সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি নগরবাসীকে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।