মোঃ শাহজাহান বাশার,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
শনিবার (৯ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সোনাপুর এলাকার মেম্বার গলি পিএনবি ডেন্টাল কেয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিমন (৩৫) ও মোঃ সিয়াম (২৫)।
লিমনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় হলেও বর্তমানে তিনি কাঁচপুর সোনাপুর এলাকায় জসিম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরদিকে সিয়ামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় হলেও তিনিও কাঁচপুর সোনাপুরের মেম্বার গলি এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।