মোঃ শাহজাহান বাশার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৮ মে ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে জুয়েল (২৩) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। একই সময় মোঃ রমজান (২১) নামে অপর এক ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা এবং ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।