মোঃ শাহজাহান বাশার
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মোট ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম কচুয়া থানাধীন লইয়ামেহে এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ এমরান খান (৩০) এবং মোঃ ইমন মজুমদারের (২৬) হেফাজত থেকে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৫, তারিখ ০৩/০৫/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
একই দিন বিকেলে এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কচুয়া থানাধীন বরুচর এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান মিয়াজী (৪৪)-এর হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা নং-০৬, তারিখ ০৩/০৫/২০২৬ খ্রি. রুজু করা হয়।
এরপর রাতের দিকে এসআই মোঃ রুবেল সরকারের নেতৃত্বে পলাশপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় মোঃ ছাব্বির হোসেন (২২) এবং মোঃ শাওন (২২)-এর কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নং-০৭, তারিখ ০৪/০৫/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে।
এছাড়া পরবর্তী আরেকটি অভিযানে এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কচুয়া থানাধীন সাচার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ মেহেদী হাসান (২৭), মোঃ আল মামুন (৩০) এবং মোঃ আনোয়ার হোসেন (৩১)-এর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নং-০৮, তারিখ ০৪/০৫/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক পৃথক মামলা রুজু করে ৪ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। এলাকার তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।